

বান্দরবান(Bandarban)
প্রাকৃতিক সৌন্দর্যের অবারিত সবুজের সমারোহ আর মেঘ ছুঁয়ে দেখার ইচ্ছে যার আছে সে বাংলাদেশের পাহাড়ী কন্যা বান্দরবান ঘুরে আসতে পারেন। শুধু শীত এবং বর্ষা নয় সারা বছরই বৈচিত্র্যময় পাহাড়ি জেলা বান্দরবান। প্রকৃতি নিজেকে এ জেলায় মেলে ধরেছে আপন সাঁজে। বান্দরবানে বেড়াতে এসে কখনো মন খারাপ করে বাড়ি ফেরেনা পর্যটকেরা। চিরসবুজের ছোয়া যারা পেতে চান, তাদের যেতে হবে পাহাড়ি জনপদের পাহাড়ের আনাচে-কানাচে।
বান্দরবান ভ্রমণের উপযুক্ত সময়
বান্দরবান প্রকৃতির এর অপূর্ব লীলাভূমি। এর সৌন্দর্যের টানে বছরজুড়েই এখানে পর্যটকরা ছুটে আসেন। প্রকৃতি এখানে রূপ বদলায় প্রতিটা মৌসুমে। এক এক সিজনে বান্দরবন একেক রকম। যারা মেঘ আর সতেজ প্রকৃতি দেখতে চান তাদের জন্য বান্দরবান ঘোরার আদর্শ সময় হলো বর্ষার শুরু থেকে হেমন্ত পর্যন্ত। অর্থাৎ জুন থেকে নভেম্বর। আর যারা বর্ষা এড়িয়ে শুকনো মৌসুমে বান্দরবানের ভিউ দেখতে চান তাদের জন্য ভালো সময় হচ্ছে ডিসেম্বর থেকে মার্চ। এপ্রিল -মে – জুন এই তিন মাস প্রচন্ড গরম থাকে বলে তখন বান্দরবান ভ্রমণ পরিকল্পনা না করাই শ্রেয়।
বান্দরবান ভ্রমণে যাবার উপায়
সড়কপথ এবং রেলপথ যেকোন পথেই যেতে পারেন বান্দরবান যেতে পারেন। সড়কপথে ঢাকা সরাসরি থেকে বান্দরবন যাওয়া যায়। আর রেলপথ ট্রেনে করে ঢাকা হতে চট্টগ্রাম গিয়ে সেখান থেকে বাসে করে বান্দরবন যাওয়া যায়।
সড়কপথে
রাজধানী ঢাকা সহ দেশের প্রধান প্রধান শহরগুলো থেকে বান্দরবান সরাসরি গাড়ী চলে ।ঢাকার কল্যাণপুর, কলাবাগান, আরামবাগ, মতিঝিলসহ বেশ কয়েকটি স্থান থেকে বিভিন্ন কোম্পানীর বাস যেমন শ্যামলী, হানিফ, ইউনিক, ঈগল, স্টার লাইন ,এস আলম, সৈাদিয়া, সোহাগ, গ্রীন লাইন, সেন্টমার্টিন পরিবহন ইত্যাদি সরাসরি বান্দরবানের উদ্দেশে চলাচল করে। নন এসি বাসের ভাড়া পড়বে ৬০০-৮০০। এসি বাসের(ইকোনমি ক্লাস) ভাড়া পড়বে ১০০০-১২০০।এসি বাসের((বিজনেস ক্লাস) ভাড়া পড়বে ১৫০০-২০০০।সময় লাগতে পারে ৬-৭ ঘন্টার মত।
রেলপথে
অনেকে ট্রেনে চট্টগ্রাম যেয়ে তারপর সেখান থেকেবান্দরবানযেতে চান।
ঢাকা থেকে প্রথমে ট্রেনে চট্টগ্রাম এবং পরে চট্টগ্রাম থেকে সরাসরি বাসে বান্দরবান যাওয়া যায়।
ঢাকার কমলাপুর এবং বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে সোনার বাংলা, সুবর্ন এক্সপ্রেস, মহানগর প্রভাতী/গোধূলী, চিটাগাং মেইল, তূর্ণা, নিশীথা ও চট্টগ্রাম মেইল আলাদা আলাদ সময় ছেড়ে যায়।ট্রেনের বিস্তারিত সময়সূচী এবং ভাড়া জানতে পারবেন www.railway.gov.bd সাইট থেকে।ট্রেনের বিস্তারিত সময়সূচী এবং ভাড়া জানতে পারবেন রেলওয়ের ওয়েব সাইট থেকে
চট্টগ্রাম থেকে বান্দরবান
চট্টগ্রাম থেকে বান্দরবান যেতে হলে প্রথমে বহদ্দারহাট যেতে হবে। ওখান থেকে ৩০ মিনিট পরপর ‘পূর্বাণী’ ও ‘পূরবী’ নামে দুটি পরিবহনের বাস ছাড়ে। ভাড়া জনপ্রতি ২০০ থেকে ২৫০ টাকা।এছাড়াও চট্রগ্রামের দামপাড়া বাস স্ট্যান্ড থেকে ২০০-৩০০ টাকা ভাড়ার মধ্যেও বাসে করে সরাসরি যেতে পারেন বান্দরবন। চট্রগ্রাম থেকে বাস, প্রাইভেট কার নিয়ে বান্দরবান আসতে পারেন। প্রাইভেট কার ভাড়া ৩০০০-৫০০০।
বান্দরবানে থাকার জন্য বেশ কিছু হোটেল মোটেল ও রিসোর্ট রয়েছে। রিসোর্টগুলো সব শহরের বাইরে ৩/৪কিঃমিঃ এর মধ্যে হয়। আর হোটেলগুলো শহরের ভিতরে। রিসোর্টে থাকার খরচ সাধারণত খরচ কিছুটা বেশি পড়ে। শুধু রুম ভাড়ায় বেশি খরচ তা না, যাতায়াতেও আপনাকে বাড়তি টাকা গুনতে হবে। আর হোটেলগুলোতে বাজেটের মধ্যে থাকা যায়। বান্দরবানের উল্লেখযোগ্য হোটেল/মোটেল/রিসোর্টের মধ্যে আছে সাইরু হিল রিসোর্ট, নীলাচল নীলাম্বরী রিসোর্ট, ফানুস রিসোর্ট, হিলসাইড রিসোর্ট,হোটেল ফোর স্টার হোটেল থ্রী স্টার ,ভেনাস রিসোর্ট হোটেল হিল ভিউ, পর্যটন মোটেল,হলি ডে ইন,হোটেল প্লাজা, হোটেল পূরবী, হোটেল নাইট হেভেন গ্রিন পিক রিসোর্ট ইত্যাদি। মান ও সুযোগ সুবিধা অনুযায়ী বিভিন্ন ধরণের হোটেল আছে। আপনার বাজেট এবং চাহিদা অনুযায়ী বিভিন্ন মানের হোটেলে ১,০০০ - ১০,০০০ টাকা দিয়ে রাত্রি যাপন করতে পারবেন।
ভ্রমণ পরিকল্পনা
বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম জেলার নাম বান্দরবান। আপনার বান্দরবান ট্যুর প্ল্যান এ মেঘ ছুঁয়ে দেখতে চাইলে যেমন এখানকার নীলগিরি নীলাচল যেতে হবে, তেমনি পাহাড়ি রূপ ও পাহাড়ী সংস্কৃতি দেখার জন্য ঘুরতে হবে স্বর্ণমন্দির, মেঘলা পর্যটন কমপ্লেক্স, শৈলপ্রপাত, চিম্বুক ইত্যাদি। এছাড়া এডভেঞ্চারপ্রেমীদের জন্য রয়েছে নাফাখুম, অমিয়াখুম, বগালেক, কেওক্রাডং, জাদিপাই ঝর্ণা, ডিম পাহাড়, দেবতাকুম, আলীকদম সহ অনেক জায়গা। বলা হয়ে থাকে বান্দরবান ভ্রমণ তালিকায় না থাকলে একজন বাংলাদেশী পর্যটকের বাকেট লিস্ট অসম্পূর্ণ থাকে! প্রকৃতিক রূপ বৈচিত্র্যে অনিন্দ্য সুন্দর এই জেলাকে বলা হয় “পাহাড়ি কন্যা”।
বান্দরবান শহরে খাওয়ার জন্য মাঝারি মানের বেশ কিছু হোটেল রয়েছে। সেগুলো থেকে নিজের পছন্দ মত হোটেলে তিন বেলার খাবার খেয়ে নিতে পারেন। তার মধ্যে তাজিং ডং ক্যাফে, মেঘদূত ক্যাফে, ফুড প্লেস রেস্টুরেন্ট, রুপসী বাংলা রেস্টুরেন্ট, রী সং সং, কলাপাতা রেস্টুরেন্ট ইত্যাদি রেস্তোরাঁয় খেতে পারেন। খাওয়া-দাওয়ার জন্য সুপরিচিত দুটি জায়গা হলো বান্দরবান শহরের রুমা রোডের একটি রেস্টুরেন্ট এবং জাদিপাড়া ডন বসকো হাই স্কুল রোডের আরেকটি রেস্টুরেন্ট।
বান্দরবানের দর্শনীয় স্থান/ বান্দরবানের কোথায় কী দেখবেন
অবকাশ যাপন, আনন্দ ভ্রমণ ও অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য প্রিয় নাম বান্দরবান।প্রকৃতি বান্দরবানকে সাজিয়েছে আপন মনের মাধুরি মিশিয়ে। তাই সবুজে মোড়ানো প্রাকৃতিক সৌর্ন্দয, অবারিত সবুজের সমারোহ এবং মেঘ ছোঁয়ার ইচ্ছে হলেই ঘুরে আসুন পাহাড়ি কন্যা বান্দরবানে।
মেঘলা পর্যটন কমপ্লেক্স
আকর্ষণীয় অবসর বিনোদন কেন্দ্র হলো মেঘলা পর্যটন কমপ্লেক্স। শহর থেকে মাত্র চার কিলোমিটার দূরে মেঘলা পর্যটন কেন্দ্রের অবস্থান। এখানে বিশাল লেকের ওপর আকর্ষণীয় দুটি ঝুলন্ত সেতু রয়েছে। ঝুলন্ত সেতু মানেই ঝুলন্ত সেতু। যা দেশে বিরল ঘটনা। দেশের কোথাও এমন নজির খুঁজে পাওয়া যাবে না। চিত্ত বিনোদনের জন্য এখানে রয়েছে ক্যাবল কার, ট্যুরিস্ট ট্রেইন, শিশুপার্ক, সাফারি পার্ক, চিড়িয়াখানা, স্পিডবোটে ভ্রমণের সুবিধা এবং রাত্রি যাপনের জন্য রেস্ট হাউজ। এ ছাড়া কমপ্লেক্সে ছোট্ট পরিসরে গড়ে তোলা চা বাগান মেঘলা পর্যটন স্পটের সৌন্দর্য বাড়িয়েছে বহুগুণে। পর্যটকদের সুবিধার্থে মেঘলা পর্যটন স্পটে নিচে নামতে রাস্তার পাশাপাশি তৈরি করা হয়েছে আকর্ষণীয় সিঁড়িও। মেঘলা পর্যটন স্পটের চতুর পাশে রয়েছে ছোট ছোট গোলঘর এবং উন্নত যোগাযোগ ব্যবস্থাও। সব মিলিয়ে মেঘলা পর্যটন স্পটটি অপূর্ব। এক টিকেটে এত কিছু দেখার সুযোগ আর কোথাও নেই একমাত্র মেঘলা ছাড়া।
নীলাচল
মেঘলা পর্যটন কমপ্লেক্সের কাছেই নীলাচল। যা টাইগার হিল নামেও পরিচিত। নীলাচলের অবস্থান টিগেরপাড়ায়। যা জেলা শহর থেকে মাত্র চার কিলোমিটার অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে নীলাচলের উচ্চতা প্রায় ২০০০ ফুট। এখান থেকে পাখির চোখে দেখতে পারবেন পুরো বান্দরবান শহরকে। পর্যটকের সুবিধার জন্য নীলাচলে নির্মাণ করা হয়েছে আকর্ষণীয় কাচের টাওয়ার, দৃষ্টি নন্দন সিঁড়ি, গোলঘর এবং চাইনিজ রেস্টুরেন্ট। রাত্রিযাপনের জন্য তৈরি করা হয়েছে আকর্ষণীয় কয়েকটি কটেজও। বর্ষা মৌসুমে এখানে পাবেন মেঘের মধ্যদিয়ে হেঁটে যাওয়ার রোমাঞ্চ। এখান থেকে শুধু সোনালী রংয়ের গোধুলিই নয়, উপভোগ করতে পারবেন জোছনা রাতের অনাবিল সৌন্দর্যও। শীতকালে পাবেন চোখজুড়ানো কুয়াশাচ্ছন্ন সকাল। থাকা-খাওয়ার কোনো সুবিধা এখনো নেই সেখানে। শহরের কাছেই অবস্থান হওয়ায় প্রাইভেট জিপ কিংবা অটোরিকশা নিয়ে সহজেই যেতে পারবেন নীলাচলে।দিন আর রাতের এই বৈশিষ্ট্যের জন্য নীলাচল পর্যটকদের কাছে আরো বেশি প্রিয় হয়ে উঠেছে। সন্ধ্যায় নীলাচল থেকে সূর্যাস্তের দৃশ্য অনায়াসে দেখা যায়। তবে নীলাচল পর্যটন স্পটে দিনের চেয়েও রাতের চাঁদের আলোয় সময় কাটানো যায় অতি রোমাঞ্চের মধ্য দিয়ে।
বুদ্ধ ধাতু জাতি মন্দির / বৌদ্ধধাতু স্বর্ণজাদী মন্দির
বুদ্ধধাতু স্বর্ণজাদী মন্দিরের আরেক নাম বান্দরবান স্বর্ণমন্দির। বান্দরবান থেকে দশ কিলোমিটার এবং বালাঘাটা থেকে চার কিলোমিটার দূরে পালপাড়ায় এ মন্দির অবস্থিত। এখানে রয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বুদ্ধ মূর্তি।বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এটি তীর্থ স্থান হলেও পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। বান্দরবানে বসবাসরত ১১টি পাহাড়ি জনগোষ্ঠীসহ ১৪টি সম্প্রদায়ের লোকজনের কাছেও বৌদ্ধ ধাতু স্বর্ণ জাদী পবিত্র স্থান। এটি সহজেই পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম। যতই কাছে যায় ততই প্রাণ জুড়িয়ে যায়। পাহাড়ের চূড়ায় এত সুন্দর বৌদ্ধ ধাতু স্বর্ণ জাদী নিয়ে নানা রহস্য সৃষ্টি হয় মনে। দূর থেকে দেখলেই মনে হয় কাছে যায়। যেন হাতছানি দিয়ে ডাকছে পর্যটকদের স্বর্ণ মন্দির। জেলা শহরের মাত্র ৪ কিলোমিটার দূরে বালাঘাটা এলাকায় গড়ে উঠেছে বুদ্ধ ধাতু জাদি (স্বর্ণ জাদী)। যাকে সংক্ষেপে লোকজন জাদি বা স্বর্ণ মন্দির বলেই সম্বোধন করে। এটিকে উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ বুদ্ধ জাদি বলা হয়। লাখ লাখ ধর্মীয় নারী-পুরুষের কাছে এটি যেমন পবিত্র স্থান, তেমনি এটি পর্যটকদের কাছেও অত্যন্ত দর্শনীয় স্পট হিসেবে জনপ্রিয়তা লাভ করেছে। ধর্মানুরাগী ও পর্যটকদের ১২৩টি সিড়ি বেঁয়ে উঠতে হয় বৌদ্ধ জাদীতে। মিয়ানমার, শ্রীলংকাসহ বেশ কয়েকটি রাষ্ট্র থেকে আনা শ্রমিক এবং শিল্পীরা নির্মাণ করেছে এই বৌদ্ধ ধাতু স্বর্ণ জাদি। এটি নির্মাণে সময় লেগেছে প্রায় এক বছর। জাদিতে রয়েছে ছোট, বড় প্রায় শতাধিক বৌদ্ধ মূর্তি। এসব মূর্তির কিছু স্থানীয়ভাবে নির্মাণ করা হলেও বেশির ভাগ মূর্তি আনা হয়েছে শ্রীলংকা, চীন, মিয়ানমার, নেপালসহ বিভিন্ন দেশ থেকে। বৌদ্ধ জাদি এলাকায় প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে একটি ছোট পুকুর। পুকুরের মাঝখানে ধ্যানরত বৌদ্ধমূর্তি সদৃস পাথুরে প্রাকৃতিক মূর্তি, উচ্চতর পর্বতের ডগায় পরীর দীঘি দেবতার পুকুর বলেও খ্যাতি অর্জন করেছে। দেবতার এই পুকুরের পানি পান করলে নানা রোগ বালাই দূর হয় এমন বিশ্বাস স্থানীয় বৌদ্ধ, হিন্দু ধর্মানুরাগীদের। স্বর্ণ জাদি দর্শনে আসা লোকজন বোতল বা পাত্রে করে নিয়ে যায় দেবতার পুকুরের পানি। প্রতি বছর জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে বৌদ্ধ ধাতু জাদী এলাকায় বসে মেলা। সপ্তাহ এবং মাসব্যাপী চলে এই বৌদ্ধ ধাতু জাদী মেলা।মন্দিরটি বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। প্রবেশ মূল্য ১০ টাকা। হাফপ্যান্ট পরে কিংবা জুতা পায়ে দিয়ে এখানে যাওয়া নিষেধ। বান্দরবান শহর থেকে রিকশা কিংবা অটোরিকশায় চড়ে বুদ্ধ ধাতু জাতি মন্দিরে যাওয়া যায়।
শৈল প্রপাত ঝর্ণা
প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব সৃষ্টি শৈল প্রপাত। বান্দরবান-রুমা এবং থানছি সড়কের ৫ মাইল নামকস্থানে প্রাকৃতিক এই ঝর্ণার অবস্থান। শহর থেকে শৈল প্রপাতে যেতে সময় লাগে ২০ থেকে ২৫ মিনিট। শৈল প্রপাত ঝর্ণার হিমশীতল পানি সর্বদা বহমান। মনমাতানু এ দৃশ্য স্মৃতিতে ধরে রাখার মতো। রাস্থার পাশে শৈল প্রপাতের অবস্থান হওয়ায় এখানে দেশি বিদেশি পর্যটকদের ভিড় বেশি দেখা যায়। এখানে পর্যটকদের জন্য স্থানীয় পাহাড়ি বম জনগোষ্ঠী কোমর তাঁতে বুনা কাপড়সহ বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রি করে। এ ছাড়া বান্দরবানে উৎপাদিত মৌসুমি ফলমূল সবসময় পাওয়া যায় এখানে। শহর থেকে চাঁদের গাড়ি এবং সিএনজি ভাড়া নিয়েও শৈল প্রপাতে যাওয়া যায়। অনেকে হেঁটেও শৈল প্রপাতে চলে যায়। শহরের অদূরে শৈলপ্রপাতের স্বচ্ছ পানি বয়ে চলছে অবিরাম ধারায়।
মিলনছড়ি
অপার প্রকৃতির হাতছানি ছাড়াও বান্দরবানে বসবাসকৃত ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আচার-আচরন, সংষ্কৃতি এবং বিভিন্ন বৈচিত্র্যময় উৎসব পর্যটকদের পাহাড়ি কন্যা বান্দরবানে টেনে নিয়ে যায়। প্রকৃতির রঙে রাঙা বান্দরবান শহর থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে নয়নাভিরাম সবুজের কোলে অবস্থিত মিলনছড়ি (Milonchori) তেমনি একটি জনপ্রিয় ভ্রমণ স্থান। মিলনছড়ি পাহাড়ি কন্যা বান্দরবান শহর থেকে ৩ কিঃমিঃ দক্ষিণ পূর্বে শৈলপ্রপাত বা চিম্বুক যাওয়ার পথে পড়ে। এখানে একটি পুলিশ পাড়ি আছে। পাহাড়ের চূড়ায় রাস্তা, তার পাশে দাড়িয়ে পূর্ব প্রান্তে নয়াভিরাম সবুজের খেলা আবার সবুজ প্রকৃতির বুক ছিড়ে সর্পিল গতিতে বয়ে চলা সাঙ্গু নামক নদীটি মোহনীয় সৌন্দর্য। এ যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা একটি দুর্লভ চিত্রকর্ম। পাহাড়ি রাস্তা, দিগন্তজোড়া সবুজ আর সাঙ্গু নদীর মোহনীয় সৌন্দর্য যেন কল্পনায় আঁকা এক নান্দ্যনিক তৈলচিত্র।
চিম্বুক
চিম্বুক হলো বাংলাদেশের তৃতীয় উচ্চতম পর্বত। বান্দরবান শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে এর অবস্থান। সমুদ্রপৃষ্ঠ থেকে চিম্বুক পাহাড়ের উচ্চতা প্রায় ২৫০০ ফুট। কারো কারো মতে সমুদ্রপৃষ্ঠ থেকে চিম্বুক পাহাড়ের উচ্চতা প্রায় তিন হাজার ২০০ ফুট। চিম্বুক পাহাড়কে ঘিরেই পাহাড়ি মুরুং (ম্রো) জনগোষ্ঠীর বসবাস। জেলায় সবকটি উপজেলার সাথে টেলিযোগাযোগের ব্যবস্থা রক্ষার জন্য চিম্বুকে বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড একটি বেইজ স্টেশন ও টাওয়ার স্থাপন করেছে। চিম্বুক এলাকায় সরকারি মালিকানাধীন দুটি রেস্ট হাউজ আছে। থাকতে হলে আগে কর্তৃপক্ষের কাছ থেকে রিজার্ভেশন নিতে হবে। সহজে খাওয়া-দাওয়া ও নাস্তা করার জন্য এখানে একটি ভালোমানের ক্যান্টিনও রয়েছে। এখানে সকালের নাস্তা ও দুপুরে খাবার পাওয়া যায়। এছাড়া খাবারের জন্য বান্দরবান থেকে চিম্বুক যাওয়ার পথে মিলনছড়ি ও শাকুরা নামে ২টি পর্যটন কেন্দ্র রয়েছে। তবে বান্দরবান থেকে হালকা খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রওনা দেওয়াটাই সবচেয়ে ভাল। চিম্বুকের চারপাশে রয়েছে অসংখ্য ছোট বড় পাহাড়। এখান থেকে কক্সবাজার সমুদ্রসৈকত দেখা যায়। শীত ও বর্ষায় চিম্বুক পাহাড়ে দাঁড়িয়ে মেঘ স্পর্শ করা যায়। মুহূর্তের মধ্যে মেঘের পাল্টে যাওয়া সাদা-কালো-রঙিন খেলার দৃশ্য উপভোগ করা যায়। ইচ্ছে করলে মেঘে গা ভাসিয়ে দিয়ে হারিয়ে যাওয়া যায়। দেখবেন মুহূর্তেই মেঘ এসে আপনার গাঁ ভিজিয়ে দিয়ে গেছে। চিম্বুককে বাংলার দার্জিলিং বলে অনেকে। চিম্বুক পাহাড়ের দুই পাশে শুধু সবুজ আর সবুজ। দুচোখ যেদিকে যায় শুধু পাহাড়ের সমুদ্র। বাংলার দার্জিলিং খ্যাত চিম্বুকে যাওয়ার পথে দৃশ্যগুলো খুবই চমৎকার। যাওয়ার পথের দৃশ্যগুলো উপভোগ না করলে চিম্বুকে দেখার কিছু নেই। যাত্রা পথের দৃশ্যগুলোই মূলত বেশি আকর্ষণীয়।
নীলগিরি
নীলগিরি পর্যটকদের কাছে স্বপ্নীল একটি নাম। আকাশ ছোঁয়ার স্বপ্ন কার না জাগে, মেঘে গা ভাসানোর ইচ্ছে কার না করে। সব স্বপ্ন ও ইচ্ছে কখনো পূরণ হয় না কথাটি সত্যি। তবে আকাশ ছোঁয়ার স্বপ্ন পূরণ না হলেও মেঘে গাঁ ভাসানো সম্ভব বান্দরবানে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার ফুট উচ্চতায় পাহাড়ের চূড়ায় অবস্থিত নীলগিরি পর্যটন স্পটে হাত বাড়ালেই মেঘ ছোঁয়া যায়। অনেকটা মেঘের দেশে ভেসে বেড়ানোর মতো। বান্দরবানে অসংখ্য পর্যটনস্পটের মধ্যে অন্যতম এটি। বান্দরবান শহর থেকে পাহাড়ি আঁকাবাঁকা সড়কের ৫২কিলোমিটার পথ পাড়ি দিতে হয় নীলগিরি পৌঁছাতে। যেখানে পাহাড় আর মেঘের মিতালী চলে দিনরাত। আপনিও ঘুরে আসতে পারেন ওই মেঘের দেশে। তবে যারা মেঘ ছুঁতে চান তারা জুন-জুলাই অর্থাৎ বর্ষা মৌসুমে ভ্রমণে যেতে ভুল করবেন না। কারণ মেঘ তখন নিজেই আপনাকে ছুঁয়ে যাবে।পর্যটন স্পট নীলগিরিতে মেঘ আর রোদের মধ্যে চলে লুকোচুরি খেলা। কখন এসে মেঘ আপনাকে ভিজিয়ে দিয়ে যাবে বুঝার অবকাশ নেই। ঘন মেঘের চাদরে হারিয়ে যেতে নীলগিরি হচ্ছে উপযুক্ত স্থান। নীলগিরি পর্যটন স্পটে রাত্রি যাপনের ব্যবস্থাও আছে। সেনা নিয়ন্ত্রিত নীলগিরিতে গড়ে তোলা কটেজগুলোও দেখতে বেশ আকর্ষণীয়। আকাশনীলা, মেঘদূত এবং নীলাতানাসহ বিভিন্ন নামে সাজানো কটেজগুলোর ভাড়াও খুব বেশি নয়। শুধু থাকা নয়, খাওয়া-দাওয়ারও ব্যবস্থা রয়েছে নীলগিরিতে। মনে হয় থাইল্যান্ডের কোনো শহরে অবস্থান করছি। চারদিকে শুধু পাহাড় আর পাহাড়। দুচোখ যেদিকে যায় শুধু সবুজ আর সবুজ। এ যেন অন্যরকম অনুভূতি। মেঘ ছুঁয়ে দেখতে চান। তবে এখনি ছুটে আসুন বান্দরবানে। স্বপ্নীল নীলগিরি পর্যটন স্পট দেখে যেতে ভুলবেন না। নীলগিরি যেতে হলে বান্দরবান হতে জিপ, চাঁদের গাড়ি ভাড়া করতে হবে। তবে প্রাইভেট গাড়ি থাকলে আরও ভালো। তবে প্রকৃত অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য চাঁদের গাড়ির কোনো বিকল্প নেই। এ গাড়িগুলো পাহাড়ে চলাচলের জন্য বিশেষ ভাবে উপযোগী এবং স্থানীয় চালকরা পাহাড়ি আঁকাবাঁকা ও ঢালু পথে চলাচলে অভ্যস্ত। এ গাড়িগুলো ৪০০০-৬০০০ টাকার মধ্যে ভাড়ায় পাওয়া যায়।
তিন্দু
তিন্দু বান্দরবান জেলার থানচি উপজেলায় অবস্থিত। তিন্দুকে বলা হয় বাংলাদেশের ভূ-স্বর্গ। পাহাড়ী সাঙ্গু নদী বয়ে গেছে তিন্দুর পাশ দিয়ে। এখানে পাহাড়, মেঘ, নদী, ঝর্ণা, রহস্য ও রোমাঞ্চ সব কিছুই একসাথে পাওয়া যায় বলে তিন্দু অ্যাডভেঞ্চার প্রিয় ভ্রমণকারীদের কাছে অন্যতম আকর্ষনের নাম।আকাশ-কুয়াশা-মেঘ-নদী-পাথর-পাহাড়-ঝরনা-বন-নীল সবুজ পানি আর রহস্য-রোমাঞ্চ-ভয়—সব যদি একবারে পেতে চান, তাহলে জীবনে একবার হলেও ঘুরে আসুন তিন্দু। সকালে ঘরের ভেতরে ফুঁ দিয়ে মেঘ সরিয়ে যখন দরজা খুঁজে বের করতে হয় তখন নিজেকে বারবার ধন্যবাদ দিতে হয় এই দেশে জন্মানোর জন্য। বান্দরবানের থানচি থেকে ইঞ্জিনচালিত নৌকায় করে দুই ঘণ্টা ২০ মিনিট গেলেই পৌঁছে যাবেন তিন্দু। তিন্দু সম্পর্কে একটা বিশাল বই লিখলেও এর সৌন্দর্যের ছিটেফোঁটাও তুলে ধরা সম্ভব না। শুধু এতটুকু বলি, মেঘ-কুয়াশার দেশ তিন্দুর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো বর্ষাকালে এখানে নৌকায় চড়ে মেঘের ওপরে যাওয়া যায়, সাদাটে মেঘের ভেতর দিয়ে কিছুক্ষণ চললেই মাথা ভিজে যায়। এখানে শক্ত কঠিন পাথরকে সারাক্ষণই বুকে নিয়ে লক্ষ্য ছাড়া দৌড়ে বেড়ায় স্বচ্ছ পানির ঢল। নুড়ি পাথরে ছলাৎ ছলাৎ হাঁটতে হাঁটতেই ইচ্ছে করে হাঁটুপানিতে টুপ করে একটা ডুব দিয়ে হাপুস করে খেয়ে নিই পুরো একমুখ টলটলে পানি। তিন্দুর দুই পাশ দিয়ে চলে গেছে দুটো ঝিরিপথ, সারা দিন সেখান থেকে কলকল করে ছুটে আসছে পাহাড়গলা স্বচ্ছ পানি। পানি আর পাথর মিলে এখানে যে নকশিকাঁথা তৈরি করেছে, কোথাও তার একচিলতে ছিদ্র নেই, নেই অমসৃণতা। তিন্দুপাড়ের পাথুরে সৈকত এখানে যোগ করেছে নতুন একটা মাত্রা। লাখ লাখ অসমান পাথর মিলে তৈরি করেছে অমসৃণ সমান একটা পায়ে চলা পথের, হাঁটতে হাঁটতে পথটা শেষ হলেই মন খারাপ হয়ে যায়, ইচ্ছে করে এখানেই কাটিয়ে দিই আরও একটা বসন্ত।
রেমাক্রি জলপ্রপাত
রহস্যময় থানচি উপজেলা ভ্রমণ দারুণ রোমাঞ্চকর। বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্যের শিখড়ে রয়েছে দুর্গম যোগাযোগ বিচ্ছিন্ন থানচি। পাহাড়, আকাশ, নদী ও ঝর্ণা এখানে মিলেমিশে একাকার। সবুজ পাহাড়ের গায়ে পরগাছার মতো জড়িয়ে আছে সাদা মেঘ। ভাগ্য সহায় হলে যাত্রাপথে রাস্তায় মেঘ এসে ধরা দিতে পারে আপনাকে। জেলা সদর থেকে থানচি উপজেলার দূরত্ব ৮৫ কিলোমিটার। পাহাড়ের গা ঘেঁষে উঁচু-নিচু রাস্তায় ছুটে চলে গাড়িগুলো। হঠাৎ নিচের দিকে তাকালে শিউরে উঠে গা, কত উঁচু দিয়ে চলাচল করছে গাড়ি। যাত্রীবাহী বাস এবং জিপগাড়ি দুটোরই ব্যবস্থা রয়েছে। বাসে থানচিতে যেতে সময় লাগে প্রায় চার ঘণ্টা। রেমাক্রি জলপ্রপাত (Remakri Jolopropat) বাংলাদেশের বান্দরবান জেলার থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নে অবস্থিত। থানচি বাজার থেকে নৌপথে রেমাক্রির দুরুত্ব প্রায় ২২ কিলোমিটার।রেমাক্রি সব সময়ই যাওয়া যায়। একেক সময় এর একেক রূপ। বর্ষা কালে পানির প্রবাহ বেশি থাকে। আর শীত কালে কমে যায়। কিন্তু একেবারেই ফুরিয়ে যায়না। তাই রেমাক্রি যাওয়ার সব থেকে ভাল সময় হলো বর্ষার পর পর আর শীতের একটু আগে। মানে সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে। কেননা ভরা বর্ষায় সাঙ্গু নদীর পানি বিপদসীমার কাছাকাছি থাকায় প্রশাসন থেকে অনেক সময় অনুমতি দেয়না। জোকের প্রাদুর্ভাব একটু বেশি থাকে। পথ পিচ্ছিল হয়ে যায়, যখন তখন বৃষ্টি একটা সমস্যা তৈরী করে।
নাফাখুম জলপ্রপাত
বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্যের শিখড়ে রয়েছে দুর্গম যোগাযোগ বিচ্ছিন্ন থানচি। রহস্যময় থানচি উপজেলা ভ্রমণ দারুণ রোমাঞ্চকর।। জেলা সদর থেকে থানচি উপজেলার দূরত্ব ৮৫ কিলোমিটার। পাহাড়ের গা ঘেঁষে উঁচু-নিচু রাস্তায় ছুটে চলে গাড়িগুলো। হঠাৎ নিচের দিকে তাকালে শিউরে উঠে গা, কত উঁচু দিয়ে চলাচল করছে গাড়ি। যাত্রীবাহী বাস এবং জিপগাড়ি দুটোরই ব্যবস্থা রয়েছে। বাসে থানচিতে যেতে সময় লাগে প্রায় চার ঘণ্টা। রেমাক্রীমুখ থেকে নাফাকুম ঝর্ণা ভ্রমণের উদ্দেশে যাত্রা শুরু। পাহাড়ের ঢালে ঢালে প্রায় তিন ঘণ্টা হাঁটার রাস্তা। দূরত্ব প্রায় ১১-১২ কিলোমিটার। নেই নাফাকুম যাওয়ার কোনো রাস্তাও। ভ্রমণ পিপাসুরা পাহাড়ের ঢাল বেয়ে বন-জঙ্গল মারিয়ে নাফাকুমে যাচ্ছে। যাওয়ার পথে ছোট ছোট কয়েকটি খাল-ছড়াও পার হতে হয় পর্যটকদের। তবে চলাচলে রাস্তা এবং থাকার কোনো ব্যবস্থা না থাকলেও ভ্রমণে নিরাপত্তা স্বার্থে পর্যটকদের সঙ্গে একজন স্থানীয় গাইড নেওয়ারও নিয়ম রয়েছে প্রশাসনের। নাফাকুম ঝর্ণার প্রাকৃতিক সৌন্দর্য দেখে ভ্রমণের সব ক্লান্তি দূর হয়ে যাবে নিমেষেই। তবে অনুন্নত যাতায়াত ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থার অপ্রতুলতার কারণে নাফাকুমে নানা রকমের দুর্ঘটনার শিকার হচ্ছে ভ্রমণ পিপাসুরা। নাফাকুমে বিশেষ বিশেষ জায়গায় প্রশাসনের নেই কোনো সতর্ক দৃষ্টি। পর্যটকরা সতর্ক দৃষ্টি না থাকায় এদিক-ওদিক ছোটাছুটি করতে গিয়ে পড়ে হতাহতের ঘটনাও ঘটে। নাফাকুম ঝর্ণায় প্রাকৃতিক সৌন্দর্য ছাড়া প্রশাসন ও পর্যটন মন্ত্রণালয় নাফাকুম ঝর্ণার সৌন্দর্য বর্ধনে কোনো উন্নয়ন কর্মকাণ্ড করেনি। নাফাকুম ঝর্ণার স্বচ্ছ পানি পাহাড়ের ওপর থেকে ঝড়ে পড়ে নিচে। ঝর্ণার খরস্রোতে পা পিছলে কেউ পড়ে গেলে কোথাও আটকা পড়ে প্রাণ বাঁচানোর কোনো উপায় নেই। পা পিছলে পড়লেই চলে যাবে গভীর খাদে। সম্পূর্ণ মৃত্যুর ঝুঁকি নিয়ে ভ্রমণ পিপাসুরা নাফাকুমের সৌন্দর্য উপভোগ করতে যায়।
আমিয়াখুম জলপ্রপাত
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম নাক্ষিয়ং নামক স্থানে আমিয়াখুম এর অবস্থান। বাংলাদেশ – মিয়ানমার সীমান্তের পাশে আমিয়াখুম জলপ্রপাত (Amhiyakhum) কে দেখা হচ্ছে বাংলার ভূস্বর্গ হিসেবে। কারো কারো মতে এটা বাংলাদেশের সবচেয়ে সুন্দর জলপ্রপাত। পাথর আর সবুজে ঘেরা পাহাড়ের মধ্য দিয়ে প্রবল বেগে নেমে আসছে জলধারা। দুধসাদা রঙের ফেনা ছড়িয়ে তা বয়ে চলেছে পাথরের গা বেয়ে। নিমেষেই ভিজিয়ে দিচ্ছে পাশের পাথুরে চাতাল। সঙ্গে অবিরাম চলছে জলধারার পতন আর প্রবাহের শব্দতরঙ্গ। সাঙ্গু নদীর দুই পাশে সবুজে মোড়ানো প্রতিটি পাহাড় যেন মেঘের কোলে শুয়ে আছে অবলীলায়। অপূর্ব দৃশ্য! প্রকৃতি যেন নিজ হাতে তুলির আঁচড় বুলিয়ে পুরো চিত্রটা ক্যানভাসে এঁকে রেখেছে। যেদিকে তাকাই কেবলই মুগ্ধ হওয়ার পালা।বাংলাদেশে এমন ঐশ্বর্যের অবস্থান যারাই দেখে তারাই বিমোহিত হয়ে তাকিয়ে থাকে। পাথুরে পাহাড়ের মাঝে এমন দৃশ্যের সামনে দাঁড়িয়ে সবাই যেন কথা হারিয়ে ফেলে। সেইসঙ্গে হারিয়ে যায় শতকষ্ট স্বীকার করে এখানে আসার সব ক্লান্তি, অবসাদ। বর্ষায় টগবগে যৌবন ফিরে পায় আমিয়াখুম। সুবিশাল জলধারা প্রবল গতিতে নেমে যায়। পাথর কেটে তীব্র বেগে ছুটে চলে নিজের দিকে।পর্যটকের চাপে সহজগম্য দেশের অন্যান্য জলপ্রপাত প্রকৃতির স্বাভাবিক পরিবেশ হারিয়ে ফেলে। এ ক্ষেত্রে আমিয়াখুম জলপ্রপাত ব্যতিক্রম। অবস্থানস্থল দুর্গম হওয়ায় এখানে পর্যটকের আনাগোনা খুবই কম। নিরাপত্তার দিক বিবেচনা করে প্রশাসনের পক্ষ থেকেও এখানে যাতায়াতে কিছুটা রাশ টেনে ধরা আছে। সে সুবাদে এখানে প্রাকৃতিক পরিবেশটা এখনো অক্ষুণ্ন রয়ে গেছে। আর পুরো প্রকৃতির নির্মলতা ধারণ করে অপার সৌন্দর্যের পসরা সাজিয়েছে বাংলার এই ভূস্বর্গ।
সাতভাইখুম
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানের থানচিতে অবস্থি আমিয়াখুমের ঝর্ণা থেকে সামান্য উপরে উঠলেই শুরু হয় ছোট-বড় অনেক পাথর দিয়ে সাজানো পাথুরে রাস্তা। খুব সাবধানাতর সাথে রাস্তুটুকু পার করার পরে সামনে পড়বে বিশাল আকৃতির পাথরের পাহাড় আর তার মাঝে সবুজ, শান্ত ও স্বচ্ছ জলধারা। আর এখান থেকেই শুরু সাতভাইখুম (Shatvaikhum)। অনেকে একে ভেলাখুমও (Velakhum) বলে। পরের পথটু যেতে হবে বাঁশের ভেলায় করে। ভেলায় চড়ে যাত্রা শুরুর পর আপনার মনে হবে, হঠাৎ যেন কোনো এক পাথুরে দুর্গের মধ্যে প্রবেশ করলেন। এবার শুধু বাকরুদ্ধ হয়ে অবাক মুগ্ধ চোখে দেখার পালা। আর সেই সাথে অনুভব হবে দুপাশের আকাশ ছোঁয়া পাথরের পাহাড় যেন গাম্ভীর্য নিয়ে আপনাকে স্বাগত জানাচ্ছে সবুজ অরণ্যে। অরণ্য রাজ্যে আপনাকে আলিঙ্গন করছে আর সবুজ টলটলে জলপথ যেন আপনাকে উষ্ণ সংবর্ধনা জানাচ্ছে। সাতভাইখুম এর রূপ-সৌন্দর্যের বিবরণ দিতে সকল উপমা ব্যবহার করলেও হয়তো এর সৌন্দর্য বর্ণনায় কার্পণ্য করা হবে। সাতভাইখুমের সবুজ অরণ্য, জলপথের গিরিপথ আর পাথুরে পাহাড়ী রাজ্য থেকে ফেরার পথে আপনার সঙ্গী হবে দুরন্ত, দুর্গম আর ভয়ানক রোমাঞ্চকর ভ্রমণের দারুণ এক অনুভুতি। স্থানীয়দের মতে, সাতভাইখুম এর নামকরণ হয়েছে সাতটি পাথর থেকে। দেবতার পাহাড় থেকে যে বিশাল বিশাল বোল্ডারগুলো ভেঙে পড়েছে, সেগুলোর মধ্যে যে সাতটি পাথর সবচেয়ে বড় তার উপর ভিত্তি করে সেখানকার নাম রাখা হয়েছে সাতভাইখুম। তার প্রথম পাথরটি গতবছর ভেঙ্গে দু’টুকরো হয়েছে। “পাহাড় থেকে যেভাবে গাছ কেটে নেয়া হচ্ছে সেই জন্য দেবতার পাহাড়ের অভিশাপ থেকে সে পাথরটা ভেঙে গিয়েছে।” – বলে তারা মনে করেন।
বগালেক
পাহাড়ের চূড়ায় প্রাকৃতিক ভাবে সৃষ্ট একটি প্রাকৃতিক জলাশয় ‘বগালেক’। যার পানির উচ্চতা শীত বর্ষায় কখনোই পরিবর্তন হয় না।রুমা উপজেলা সদর থেকে ১৮ কিলোমিটার দূরে বগা লেকের অবস্থান। প্রায় ১৫ একর জায়গাজুড়ে বিস্তৃত এই লেক। লেকের স্বচ্ছ নীল পানি আপনার নজর কাড়বেই।বগালেকের সৌন্দর্য দেখার জন্য পর্যটকদের ভিড়ও দিন দিন বাড়ছে। কাল, সন্ধ্যা কিংবা রাত, প্রতি বেলাতেই বগালেক নতুন রূপে ধরা দেয়। সকালের উজ্জ্বল আলো যেমন বগালেককে দেয় স্নিগ্ধ সতেজ রূপ, ঠিক তেমনি রাতের বেলায় দেখা যায় ভিন্ন এক মায়াবী হাতছানি। রাতের বগালেক দিনের বগালেক হতে একেবারেই আলাদা। আর যদি রাতটি হয় চাঁদনী রাত তবে এটি হতে পারে আপনার জীবনের সেরা রাতের একটি। কি অসাধারণ সে রূপ। নিকষকালো অন্ধকার রাতে পাহাড়ের বুক চিড়ে হঠাৎ একফালি চাঁদ মৃদু আলোর ঝলক নিয়ে ঝাপিয়ে পড়ে বগালেকের শান্তজলে। মৃদুমন্দ বাতাসে ছোট ছোট ঢেউয়ে দুলতে থাকে হ্রদের পানিতে চাঁদের ঝরে পড়া আলোকরাশি। নিজেকে নিজে হারিয়ে ফেলতে হয় এমন রূপে। চারিদিক নিস্তব্ধ, নিথর, জনমানবশুন্য। সবাই যখন ঘুমিয়ে পড়ে, সেই নির্জন বেলায় বগালেকের পাড়ে বসে জোছনাস্নানের অভিজ্ঞতাই অন্যরকম। মুহুর্তের মাঝেই যেন প্রেম হয়ে যাবে সে প্রকৃতির সাথে। প্রহরের পর প্রহর চলে যাবে, কিন্তু আপনাকে বসে থাকতে হবে অবিচল। লেকটির আশেপাশে বেশকিছু আদিবাসী সম্প্রদায়ের বসতি রয়েছে। বর্ষাকালে লেকটির চারপাশে ঘুরে বেড়ানো একটু কঠিন। তবে লেকটিতে পর্যটকদের জন্য অবসর বিনোদনের কোনো কমতি নেই। লেকের আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সব শিলাখণ্ড দেখে নিশ্চিতভাবেই চমকে উঠবেন। বগালেক ভ্রমণের সময় সাথে শুকনো খাবার, পানি, টর্চলাইট ও জরুরি ওষুধ সাথে রাখা জরুরি। পর্যটকদের রাতযাপনের সুবিধার্থে বগালেকে জেলা পরিষদের রেস্ট হাউজ এবং স্থানীয় ভাবে কিছু গেস্ট হাউজ রয়েছে। স্থানীয় অধিবাসীরা পর্যটকদের খাবার ও আবাসন সুবিধা দিয়ে থাকে।রাতে চোলার বিদ্যুৎ দিয়ে আলোকিত হয় রেস্ট হাউজের প্রতিটি কক্ষ। চাঁদের আলোয় কিংবদন্তি বগালেকের সৌন্দর্য আরো স্মৃতিমধুর।
কেওক্রাডং
কেওক্রাডং (Keokradong) বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এর উচ্চতা ৩১৭২ ফুট। এটি বাংলাদেশের বান্দরবানের রুমা উপজেলায় অবস্থিত। কেওক্রাডং শব্দটি মারমা ভাষা থেকে এসেছে। মারমা ভাষায় কেও মানে ‘পাথর’ ক্রা মানে ‘পাহাড়’ আর এবং ডং মানে ‘সবচেয়ে উঁচু’। অর্থাৎ কেওক্রাডং মানে সবচেয়ে উঁচু পাথরের পাহাড়। বাংলাদেশের ট্র্যাকারদের জন্য সবচেয়ে জনপ্রিয় রুটটি হচ্ছে বগা লেক-কেওক্রাডং-জাদিপাই। দু-তিন দিন হাতে সময় নিয়ে অসম্ভব সুন্দর কিছু মুহূর্ত আর দুর্দান্ত রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে আসতে পারবেন। ছোট বড় পাহাড়, ঘন জঙ্গল, এবং নানা ধরনের পশুপাখিতে পরিপূর্ণ এই দুর্গম এলাকাটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনি অবাক হবেন। রোমাঞ্চপ্রিয় মানুষদের কাছে কেওক্রাডং এক অন্যরকম আকর্ষণের নাম। শীতকালে অ্যাডভেনচারপ্রেমী বহু পর্যটক এই পাহাড়টি দেখতে আসেন। দূর থেকে কেওক্রাডাং এর চূড়া শূন্যে মিলিয়ে আছে বলে মনে হলেও চূড়ায় উঠলে পাহাড় মেঘের মিতালী আপনাকে আন্দোলিত করবে মায়াবী আকর্ষনে। এখানকার আকর্ষণের মধ্যে রয়েছেঃ সবুজ পাহাড়ের তাক লাগানো সৌন্দর্য, ঝর্ণাধারা, আঁকাবাঁকা পাহাড়ি পথ এবং পাহাড়ের উপর থেকে মেঘের লুকোচুরি।
তাজিংডং
বাংলাদেশের একটি পর্বতশৃঙ্গ যা বান্দরবানের রুমা উপজেলার রেমাক্রী পাংশা ইউনিয়নে সাইচল পর্বতসারিতে অবস্থিত। সরকারিভাবে এটি বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এবং এর উচ্চতা ১,২৮০ মিটার (৪১৯৮.৪ ফুট)। পূর্বে কেওক্রাডংকে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মনে করা হত, আধুনিক গবেষণায় এই তথ্য ভুল প্রমাণিত হয়েছে। বর্তমানে বেসরকারী গবেষণায় সাকা হাফং পর্বতকে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ দাবী করা হয়, তবে এটি এখনও সরকারি স্বীকৃত নয়। স্থানীয় উপজাতীয়দের ভাষায় ‘তাজিং’ শব্দের অর্থ বড় আর ‘ডং’ শব্দের অর্থ পাহাড়, এ দুটি শব্দ থেকে তাজিংডং পর্বতের নামকরণ করা হয়। এটি অনেকের কাছে বিজয় নামেও পরিচিত।তাজিংডং রুমায় অবস্থিত হলেও রুমা থেকে যেতে পারবেন না। কারন রুমা থেকে এখন শুধুমাত্র কেওক্রাডং পর্যন্ত যাওয়ার অনুমতি আছে। সর্বোচ্চ যেতে পারলেও জাদিপাই পর্যন্ত যেতে পারবেন। তাই এখন কেউ তাজিংডং সামিট করতে চাইলে তাকে থানচি হয়ে যেতে হবে। আর সেক্ষেত্রে রুট হবেঃ ঢাকা – বান্দরবন – থানচি – হেডম্যানপাড়া – শেরকরপাড়া – তাজিংডং
আন্ধারমানিক
নৈসর্গিক রহস্যঘেরা সৌন্দর্যময় আন্ধারমানিক (Andharmanik) বান্দরবান জেলার থানছি উপজেলার বড় মদক এলাকায় অবস্থিত। বড় মদকের পর আর কোনো সেনা বাহিনী বা বিজিবি ক্যাম্প না থাকায় নিরাপত্তার কারণে প্রায়ই এখানে যেতে অনুমতি দেয়া হয় না। তারপরও ভ্রমণপ্রিয় মানুষ যায় আন্ধারমানিকে অন্ধকারের তীব্র আকর্ষণে।আন্ধারমানিকের মূল আকর্ষণ হল নারেসা ঝিরি। ঝিরির দুই পাশ প্রায় ৬০/৭০ ফুট পাথরের দেয়াল সমান্তরাল ভাবে অনেক দূর চলে গেছে। মনে হবে কংক্রিটের ঢালাই দেয়া হয়েছে দুপাশের পাহাড়ী দেয়ালে। এক অদ্ভুত সৃষ্টি এই আন্ধারমানিক। সূর্যের আলো কম পৌঁছার কারণে জায়গাটিতে সব সময় অন্ধকার দেখা যায়।সম্ভবত এ কারণেই নামটা হয়েছে আন্ধারমানিক।পাহাড়, ঝর্ণা, পাথর আর সবুজের বন্যরূপের নৈস্বর্গীক সৌন্দর্যে ভরপুর আন্ধারমানিক। ঝিরি ধরে যাওয়া যায় দীর্ঘ সময়। স্বচ্ছ পানি।পানির নিচে পাথর। মূল নদী ধরে আরও কিছু দূর সামনে বাদুর ঝর্ণা।
দেবতাখুম
দেবতাখুম (Debotakhum), বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত। নৈসর্গীক বান্দরবানকে বলা হয় খুমের স্বর্গরাজ্য আর এই রাজ্যের শ্রেষ্ঠত্বের মুকুট নিঃসন্দেহে দেবতাখুম এর কাছেই যাবে। স্থানীয়দের মতে প্রায় ৫০-৭০ ফুট গভীর এই খুমের দৈর্ঘ্য ৬০০ ফুট যা ভেলাখুম থেকে অনেক বড় এবং অনেক বেশী বন্য। দেবতাখুম যেতে হলে আপনাকে প্রথমে রোয়াংছড়ি থেকে কচ্ছপতলী আর্মি ক্যাম্প যেয়ে অনুমতি নিয়ে ট্রেক করে শীলবাঁধা পাড়া (লিরাগাঁও) যেতে হবে। অবশ্যই শীলবাঁধা পাড়া থেকে বাঁশের মজবুত ভ্যালা বানিয়ে নিতে হবে। শীলবাঁধা গিয়ে প্রথমে পং সু আং খুম পার হতে হবে। পং সু আং খুম পার হওয়ার পর দেবতাখুমের শুরু। স্থানীয়দের কাছে এটা হল সোনাখুম। অনেকে আবার মারমা ভাষায় থংচিখুম নামেও ডাকেন।দেবতাখুম এর ট্রেইল যেমন সুন্দর তেমনি ভয়ংকর। বর্ষায় গেলে ট্রেইলের ঝিরি/পাহাড়ের রূপে যেমন আপনার চোখ আটকাবে তেমনি পিচ্ছিল পাথুরে পথে পা ফসকে বড় ধরনের বিপদে পড়ার আশঙ্কাও থাকে পদে পদে। কোন কোলাহল নেই, নেটওয়ার্কের বাহিরে। চারিপাশে নিস্তব্ধ সুনসান নিরাবতা, যেন এক ভূতুড়ে পরিবেশ। ফোটা ফোটা পানির শব্দে আরো ভূতুড়ে মনে হবে পরিবেশটা। বিশাল দুটি পাহাড়ের মাঝ দিয়েই চলে গেছে পথ যা ভেলায় করে পারি দিতে হবে। প্রকৃতিকে খুব কাছে থেকে উপভোগ করতে পারবেন এখানটায়। যেন মিশে যাবেন প্রকৃতির সাথে। যাওয়ার পথই আপনাকে বলে দিবে – স্বর্গের পথ কতটা সুন্দর হতে পারে।। অসম্ভব রকমের এডভেঞ্চার, একেবারে মনকে ভয়ার্ত করে দেয়ার জন্যে পারফেক্ট দেবতাখুম। ট্রেকিং, এডভেঞ্চার, রিস্ক, ভেলার কায়াকিং সবকিছুর একটি কম্বো প্যাকেজ এই দেবতাখুম। একেবারে নেটওয়ার্ক এর বাইরে, ভিন্ন এক পরিবেশ। আশেপাশের সব সুনসান। শব্দ হিসেবে থাকবে উপর থেকে পানির ফোটা পরার শব্দ, নিজেদের ভেলার আওয়াজ এবং আপনার কথারই প্রতিধ্বনি! আশেপাশের পরিবেশটা এত ভুতুড়ে আর নিরবতার যে এটা আপনাকে সত্যি সত্যিই রিয়্যল এডভেঞ্চারের ফিল এন দিবে। বড় বড় দুই পাহাড়ের মাঝখানের এই খুম (গর্ত/যেখানে পানি জমে) ভিতরের দিকে একদমই অন্ধকার। সূর্যের আলো খুবই সংকীর্ণ।
প্রান্তিক লেক
সৌন্দর্যময় অপরুপ লীলাভুমি বান্দরবান শহর থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে হলুদিয়া নামক স্থানে প্রান্তিক লেক (Prantik Lake) ও পর্যটন কেন্দ্র অবস্থিত। বান্দরবান জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত এ প্রান্তিক লেক ও পর্যটন কেন্দ্র বান্দরবান জেলার শেষ প্রান্তে অবস্থিত বলে এই লেকের নাম প্রান্তিক লেক। পাহাড় বেষ্টিত ৬৮ একর এলাকা জুড়ে এ পর্যটন কেন্দ্রর মাঝে ২৫ একরের বিশাল প্রান্তিক লেক। আয়তনে লেকটি বগা লেকের চেয়েও বড়।এখানে শিক্ষা সফর ও পিকনিকের জন্য সব আয়োজন রাখা হয়েছে। রয়েছে মাটির তৈরি উন্মুক্ত মঞ্চ। সামনে রয়েছে কয়েকশ লোকের বসার মতো মাঠ। অপূর্ব সুন্দর এ লেকের চারিপাশ বিভিন্ন প্রজাতির গাছ গাছালিতে ভরপুর। শব্দ ও পরিবেশ দূষণ মুক্ত এখানে রয়েছে শুধু হরেক রকম পাখির কলকাকলি। লেকের পাশে পাহাড়ে বিভিন্ন প্রজাতির পাখির আবাস। পাখির কিচির মিচির শব্দে মুখরিত থাকে সারাটি বেলা। লেকের নীল জল আর পাড়ের সবুজ বনানী এখানে তেরি করেছে একটি ভিন্ন মাত্রা। গাছের শীতল ছায়া আর নির্মল বাতাস আপনার সব ক্লান্তি ভুলিয়ে দেবে।প্রাকৃতিকভাবে জন্ম নেয়া লেকের পাড়ের অরণ্যে আছে বানর-পাখিসহ নানান প্রজাতির বণ্যপ্রাণী। জলাশয়ে আছে ডাহুক, বিভিন্ন প্রজাতির জলজ উদ্ভিদ।চাইলে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে লেকে মাছ শিকার কিংবা প্যাডেল বোট নিয়ে মেতে উঠতে পারেন এখানে। মাছ শিকার করা সুযোগ রয়েছে এ প্রান্তিক লেকে।
বান্দরবান ভ্রমণ টিপস ও সতর্কতা
কম খরচে বান্দরবান ঘুরতে চাইলে অফসিজন বা ছুটির দিন ব্যাতিত অন্যদিন ভ্রমণ করুন।
ট্রেকিং এর জন্যে সুবিধাজনক জুতা, ভালো ব্যাগ এবং জামাকাপড় ব্যবহার করতে হবে। আর অবশ্যই ব্যাগ এত ভারি করা যাবেনা। কারণ ব্যাগ আপনাকেই বহন করতে হবে। যত কম কিছু নেওয়া যায় ততই ভালো হবে আপনার জন্যে।
নিজের প্রয়োজনীয় ওষুধ, ফার্স্ট এইড বক্স, কিছু শুকনো খাবার সাথে করে নিয়ে নিবেন। এছাড়া স্যালাইন, গ্লুকোজ অনেক কাজে দিবে।
পাহাড় যেতে হলে দীর্ঘ পথ ও দীর্ঘ সময় ট্রেকিং করতে হয়। এবং যাত্রাপথে বিশাল সব পাহাড় খাড়া উঠা ও নামা লাগে। তাই আগে যদি ট্রেকিং এর অভিজ্ঞতা না থাকে তাহলে ভাল করে জেনে বুঝে তারপর যাওয়া উচিত।
ট্রেকিং এর সময় সাথে পর্যাপ্ত পানি রাখুন। পানি শেষ হয়ে গেলে কোন ঝিরি তে বোতল ভরে নিন।
সব মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় না, টেলিটক ও রবির নেটওয়ার্ক পাওয়া যায়।
আদীবাসী মানুষের জীবন যাত্রা সমতলের মানুষের মত নয়। আদীবাসিদের অসম্মান হয় এমন কিছু দয়া করে করবেন না।
পর্যটন স্পট গুলোর পরিবেশের ক্ষতি এমন এমন কিছু করা থেকে বিরত থাকুন। মবিস্কিক, চিপস, চকলেট, স্যালাইন এর প্যাকেট, পলিথিন জাতীয় কিছু ও ময়লা আবর্জনা দয়া করে সেখানে সেখানে ফেলবেন না।
দৃষ্টি আকর্ষণ: : যে কোন পর্যটন স্থান আমাদের সম্পদ তথা আমাদের দেশের সম্পদ। এসব স্থানের প্রাকৃতিক কিংবা সৌন্দর্য্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন, এবং অন্যদেরকেও এ বিষয়ে উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
.png)
